ইরানের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। রোববার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দুর্ঘটনার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, ইরাক সীমান্তের কাছাকাছি আবদনান ও দেহলোরান শহরের মধ্যবর্তী সড়কে শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, একটি গ্যাস শোধনাগারের কর্মচারীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ১৬ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কী কারণে বাসটি উল্টে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। দেশটির সরকারি সংস্থা ইরানি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।