শাওমি তাদের গ্লোবাল ওয়েবসাইটে নতুন ইয়ারবাডটির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। কানের বাইরের অংশে ক্লিপের মতো আটকে থাকবে এটি। ফলে সাধারণ ইয়ারবাডের মতো কানের ভেতরে ঢোকানোর প্রয়োজন হবে না। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র ৫.৫ গ্রাম। এতে টাইটানিয়ামের তার দিয়ে তৈরি বিশেষ ব্রিজ ব্যবহার করা হয়েছে, যা কানে ভালোভাবে আটকে থাকতে সাহায্য করবে।
শাওমি ক্লিপে রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার। এতে এলএইচডিসি ৫.০, এএসি ও এসবিসি অডিও কোডেক সমর্থন করে। পাশাপাশি রয়েছে হাই-রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন। ব্লুটুথ ৫.৪ প্রযুক্তির মাধ্যমে ফোনের সঙ্গে সংযুক্ত হবে ইয়ারবাডটি। একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গেও যুক্ত রাখা যাবে।
কলের সময় ভালো শব্দ পাওয়ার জন্য এতে চারটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বোন কন্ডাকশন প্রযুক্তির মাইক্রোফোন। বাতাসের শব্দ কমানোর পাশাপাশি এআই প্রযুক্তির সাহায্যে বাইরের অপ্রয়োজনীয় শব্দও কমাতে পারবে। ফলে ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি তুলনামূলক পরিষ্কার আওয়াজ শুনতে পারবেন।
ব্যাটারির দিক থেকেও বেশ ভালো সুবিধা দিচ্ছে শাওমি ক্লিপ। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৬০ এমএএইচ ব্যাটারি। চার্জিং কেসে রয়েছে ৫১০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জে ইয়ারবাডটি সর্বোচ্চ ৯ ঘণ্টা চলবে। চার্জিং কেসসহ পাওয়া যাবে মোট ৩৮ ঘণ্টার ব্যাকআপ।
তবে এলএইচডিসি ৫.০ চালু থাকলে ব্যাকআপ কমে একবার চার্জে ৬ ঘণ্টা এবং কেসসহ ২৫ ঘণ্টা হবে। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই পাওয়া যাবে সর্বোচ্চ সাড়ে ৩ ঘণ্টা ব্যবহারের সুবিধা। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।
ইয়ারবাডটিতে রয়েছে IP57 রেটিং। ফলে ধুলোবালি ও পানির বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যাবে। পাশাপাশি অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্ক সমর্থন করায় চার্জিং কেস হারিয়ে গেলে সেটির অবস্থান খুঁজে পেতে সুবিধা হবে। চার্জিং কেসের রং হিসেবে পাওয়া যাবে কালো, বেগুনি, সাদা ও সোনালি।
আগামী ১৭ নভেম্বর বিশ্ববাজারে আসবে শাওমি ক্লিপ। তবে আন্তর্জাতিক বাজারে এর দাম ও বিক্রির তারিখ এখনো প্রকাশ করেনি সংস্থা। এর আগে মে মাসে চীনে ইয়ারবাডটি ৮৪৯ ইউয়ান দামে বাজারে এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আনুমানিক ১২ হাজার টাকা।
সূত্র: গ্যাজেট ৩৬০








