দেশের ব্যাংক খাতের মোট বিতরণের প্রায় ৩৪ শতাংশ ঋণ এখন খেলাপি ও শ্রেণিকৃত পর্যায়ে পৌঁছেছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। ৩০ জুন শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা, যার বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
গত ৩০ জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। ফলে তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে; জুন শেষে যা ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। এ সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।
শ্রেণিকৃত ঋণের পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণও দ্রুত বাড়ছে। ৩০ সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা, যা জুন শেষে ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা এবং মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩১ দশমিক ৪১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশে।
এর আগে গত ৩১ মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা এবং ডিসেম্বর ২০২৫ শেষে ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ফলে চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
পরিসংখ্যানে দেখা যায়, শ্রেণিকৃত ঋণের বড় অংশই এখন মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে মন্দ বা ক্ষতিজনক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
অন্যদিকে, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে বড় ঘাটতি রয়ে গেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। এতে পুরো ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
তবে আগের প্রান্তিকের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত ৩০ জুন শেষে এই ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা; অর্থাৎ তিন মাসে ঘাটতি কমেছে প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা। একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাত ৫৪ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে, যা গত বছরের সেপ্টেম্বর শেষে ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, ঋণ বিতরণের তুলনায় শ্রেণিকৃত ও মন্দ ঋণের দ্রুত বৃদ্ধি এবং বিপুল প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আদায় পরিস্থিতি ও আর্থিক সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করছে।