তাসনিম নিশাত জারা। বয়স ১০ বছর। এ বয়সে যখন তার মাঠে ছুটে বেড়ানোর কথা, সহপাঠীদের সঙ্গে স্কুলে থাকার কথা, তখন নিশাতের সময় কাটে বিছানায় শুয়ে। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। অসহ্য যন্ত্রণায় এই চিকিৎসক থেকে সেই চিকিৎসকের কাছে ছুটতে হচ্ছে তাকে। চিকিৎসার খরচ জোটাতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার।
গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকার শিরিন আওলাদ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জারা। গত ৮ মাস ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ তার। নিশাতের বাবা শহীদ বেপারীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। জীবিকার তাগিদে তিনি গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার স্বাদ গ্রুপের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। মোটামুটি ভালোই চলছিল পরিবার। কিন্তু হঠাৎ জারার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বোন ক্যানসার। এরপর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে শুরু হয় চিকিৎসা।
জারার বাবা শহীদ বেপারী বলেন, আমার একমাত্র মেয়ে জারা। এই বয়সেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, ধর্ম-কর্ম খুব ভালোবাসে সে। লেখাপড়াতেও ভালো ছিল। হঠাৎ ক্যানসার আমাদের পরিবারটাকে তছনছ করে দিয়েছে। মেয়েটা যন্ত্রণায় ছটফট করে। তার মুখের দিকে তাকানো যায় না। সে শুধু জিজ্ঞাসা করে, কবে স্কুলে ফিরতে পারবে। কিন্তু আমাদের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই।
তিনি আরও বলেন, আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি। এখন চোখে-মুখে অন্ধকার দেখছি। সমাজ সেবায় আর্থিক সহায়তার আবেদন করেও সহায়তা পাননি বলে জানান শহীদ বেপারী।
জারার বাবা কারখানায় কাজ করায় সব সময় ছুটি পান না। তাই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় ছুঁটতে হয় মা সুমাইয়াকে। মেয়ের অসহ্য যন্ত্রণা আর আর্থিক সংকটে চিকিৎসার অনিশ্চয়তায় তিনিও ভেঙে পড়েছেন। তাই দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন তিনি।
সুমাইয়া বলেন, নিম্নবিত্ত পরিবারে ক্যানসারের আঘাতে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের সামনে এখন শুধুই অন্ধকার। সবকিছুর বিনিময়ে আমি মেয়ের জীবন চাই। আমার মেয়ে আবার বই-খাতা নিয়ে স্কুলে যাবে, সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করবে, এটুকুই আমার স্বপ্ন।
শিরিন আওলাদ মডেল স্কুলের শিক্ষক হযরত আলী পারভেজ বলেন, জারা মেধাবী শিক্ষার্থী। এমন একটি বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তাকে শয্যাশায়ী থাকতে হচ্ছে। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।