ফুল ক্রিম ও ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধ-দুটিই হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ, উভয় ধরনের দুধেই প্রায় সমপরিমাণ ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি রয়েছে। তবে চর্বি ও ক্যালরির পরিমাণে পার্থক্য থাকলেও হাড় মজবুত করার ক্ষেত্রে কোনো একটির বিশেষ সুবিধা নেই।
ফুল ক্রিম ও ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পরিমাণ প্রায় একই।
মূল পার্থক্য চর্বির পরিমাণে। ফুল ক্রিম দুধে মোট চর্বি ও সম্পৃক্ত চর্বি বেশি থাকে। পাশাপাশি এতে ক্যালরির পরিমাণও বেশি। চর্বি ভিটামিন ডির মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সাহায্য করে। তবে অতিরিক্ত সম্পৃক্ত চর্বি গ্রহণ কিছু মানুষের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
হাড়ের স্বাস্থ্যের দিক থেকে ফুল ক্রিম ও ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধের মধ্যে প্রায় কোনো পার্থক্য নেই। হাড় ভালো রাখতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো হলো-
দুই ধরনের দুধেই প্রায় সমপরিমাণ ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি রয়েছে। তাই হাড়ের ঘনত্ব বাড়ানো বা বজায় রাখার ক্ষেত্রে কোনোটিই অন্যটির চেয়ে এগিয়ে নেই।
গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি ওজন বহনকারী ব্যায়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখার গুরুত্বপূর্ণ উপায়।
ফুল ক্রিম দুধে চর্বি বেশি থাকায় এর স্বাদ ও ঘনত্ব তুলনামূলক বেশি। অনেকেই সরাসরি পান করার পাশাপাশি কফি, রান্না কিংবা বেকিংয়ের কাজে এ দুধ ব্যবহার করতে পছন্দ করেন। ফলে শিশু, কিশোর-কিশোরী কিংবা বেশি ঘন স্বাদের দুধ পছন্দ করেন-এমন প্রাপ্তবয়স্কদের নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখা সহজ হতে পারে।
ফুল ক্রিম দুধের চর্বি ভিটামিন ডি-সহ চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সাহায্য করে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। ফলে পরোক্ষভাবে এটি হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে ভিটামিন ডি সমৃদ্ধ ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধেও ভিটামিন ডি ও অল্প পরিমাণ চর্বি থাকে।
যাদের পর্যাপ্ত খাবার খাওয়া বা ওজন ধরে রাখা কঠিন, তাদের জন্য ফুল ক্রিম দুধ ভালো বিকল্প হতে পারে। কারণ, খাবারের পরিমাণ না বাড়িয়েও এর মাধ্যমে শরীরে বাড়তি ক্যালরি ও পুষ্টি যোগ করা যায়।
২ শতাংশ ফ্যাটযুক্ত দুধের তুলনায় ফুল ক্রিম দুধে সম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি। সম্পৃক্ত চর্বি নিজে থেকেই ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে সামগ্রিক হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি হতে পারে।
প্রতি পরিবেশনে ক্যালরির পরিমাণ বেশি থাকায় যারা দৈনিক ক্যালরি গ্রহণ কমানোর চেষ্টা করছেন, তাদের খাদ্যাভ্যাসের সঙ্গে ফুল ক্রিম দুধ সব সময় মানানসই নাও হতে পারে।
হাড়ের স্বাস্থ্যের দিক থেকে ফুল ক্রিম ও ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধ-দুটিই হাড় মজবুত রাখতে প্রয়োজনীয় ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি সরবরাহ করে।
তবে অধিকাংশ নিবন্ধিত পুষ্টিবিদ প্রাপ্তবয়স্কদের কম চর্বিযুক্ত বা চর্বিমুক্ত দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেন। এর প্রধান কারণ, এসব খাবারে হাড়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান একই রকম থাকলেও সম্পৃক্ত চর্বির পরিমাণ কম।
তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ফুল ক্রিম দুধও খাওয়া যেতে পারে। বিশেষ করে যাদের বেশি ক্যালরি প্রয়োজন, যাদের ওজন ধরে রাখতে সমস্যা হয় কিংবা যারা বেশি চর্বিযুক্ত দুধ খেলে বেশি তৃপ্তি পান, তাদের জন্য এটি উপযুক্ত বিকল্প হতে পারে।
সূত্র: ভেরিওয়েল হেলথ