রাতের খাবার শেষে এক-দুটি রুটি থেকে যায়। কখনো সেগুলো পরদিন সকালের নাশতায় খাওয়া হয়, আবার কখনো নতুন কোনো খাবার তৈরিতে ব্যবহার করা হয়। তবে বেঁচে যাওয়া রুটি ঠিকভাবে সংরক্ষণ না করলে সকালে তা শক্ত ও শুষ্ক হয়ে যেতে পারে। এমনকি ভুলভাবে রাখলে রুটিতে আর্দ্রতা জমে ছত্রাকও জন্মাতে পারে।
বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় খাবার সংরক্ষণে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই রুটি ফেলে না দিয়ে পরদিন খেতে চাইলে জানতে হবে সংরক্ষণের সঠিক পদ্ধতি। এতে খাবারের অপচয় কমবে, পাশাপাশি সকালের নাশতার প্রস্তুতিও সহজ হবে।
প্রথমেই রান্না করা রুটিগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। গরম রুটি সরাসরি বায়ুরোধী পাত্রে রাখবেন না। এতে ভেতরে বাষ্প আটকে গিয়ে রুটিতে আর্দ্রতা তৈরি হতে পারে। ফলে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। রুটি ঠান্ডা হলে পরিষ্কার ও শুকনো বায়ুরোধী পাত্রে রাখুন। পাত্রের ভেতরে যেন পানি বা অন্য কোনো আর্দ্রতা না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এরপর পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করে ফ্রিজে রাখুন। রুটির মধ্যে পরিষ্কার বাটার পেপার ব্যবহার করলে একটির সঙ্গে অন্যটি লেগে যাওয়ার আশঙ্কা কমে।
পরদিন সকালে রুটি খাওয়ার পরিকল্পনা থাকলে বিশেষ করে গরম ও ভ্যাপসা আবহাওয়ায় ঘরের তাপমাত্রায় না রেখে ফ্রিজে রাখাই নিরাপদ। রান্না করা রুটি দীর্ঘ সময় বাইরে পড়ে থাকলে জীবাণু বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। তাই রান্নার পর দ্রুত ঠান্ডা করে নিরাপদভাবে ফ্রিজে সংরক্ষণ করুন।
তবে ফ্রিজে রাখলে রুটি কিছুটা শক্ত হয়ে যেতে পারে। এতে চিন্তার কিছু নেই। সঠিকভাবে গরম করলে রুটির কোমলতা অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব।
ফ্রিজে রাখা রুটি খাওয়ার আগে ভালোভাবে গরম করে নিন। এজন্য তাওয়ায় কম আঁচে দুই পাশ কিছুক্ষণ গরম করতে পারেন। চাইলে রুটির ওপর সামান্য পানি ছিটিয়ে ঢেকে কয়েক সেকেন্ড গরম করুন। এতে রুটির আর্দ্রতা ফিরে আসতে সাহায্য করবে।
মাইক্রোওয়েভ ব্যবহার করলেও রুটি বেশি সময় গরম করবেন না। পরিষ্কার ও সামান্য ভেজা মাইক্রোওয়েভ-নিরাপদ কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে ঢেকে অল্প সময় গরম করতে পারেন। এতে রুটি অতিরিক্ত শুকিয়ে যাওয়ার আশঙ্কা কমবে।
বেঁচে যাওয়া রুটি দীর্ঘদিন জমিয়ে না রেখে পরদিনই খেয়ে ফেলা ভালো। বিশেষ করে গরম আবহাওয়ায় ঘরের বাইরে রাখা রুটি দ্রুত নষ্ট হতে পারে। ফ্রিজে রাখলেও খাওয়ার আগে রুটির গন্ধ, রং ও গঠন পরীক্ষা করুন। ছত্রাক বা নষ্ট হওয়ার কোনো লক্ষণ থাকলে পুরো রুটিই ফেলে দিন। শুধু আক্রান্ত অংশ বাদ দিয়ে বাকি অংশ খাওয়া নিরাপদ নয়।
সামান্য সতর্কতা মেনে চললেই বেঁচে যাওয়া রুটি অপচয় না করে কাজে লাগানো সম্ভব। তাই খাবার সংরক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং নিরাপদ পদ্ধতি অনুসরণ করুন।
সূত্র: এনডিটিভি ফুড, গুড ফুড