বছর কি কারেন্টের গতিতে চলে যায়? সেদিন শুনলাম ২৫ বছর, শুনে অবাক হয়েছিলাম। আসলে অনেক ভালোবাসার মধ্যে থাকলে সময়টা আর বোঝা যায় না’- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও দর্শকদের ভালোবাসা নিয়ে এভাবেই কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে শক্তি করে এবার বিশ্বজুড়ে বাংলা সিনেমার অবস্থান আরও শক্ত করার স্বপ্ন দেখছেন এই অভিনেতা।
শাকিব খান বলেন, ‘২৭ বছরে এত ভালোবাসা পেয়েছি যে আমার মাঝে মাঝে মনে হয় আমাকে আরও অনেক ভালো কাজ করতে হবে, গ্লোবালি আরও অনেক বড় জায়গায় যেতে হবে; শুধুমাত্র তাদের জন্য, যারা আমাকে ভালোবেসে অন্ধের মতো সিনেমা দেখতে চায়।’
দর্শকদের এই ভালোবাসাকেই নিজের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখছেন শাকিব। তার মতে, বাংলাদেশের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার যে যাত্রা শুরু হয়েছে, তা আরও বিস্তৃত করতে হবে।
নিজের আন্তর্জাতিক সাফল্যের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, ‘তিন-চার বছর আগে একটি ফ্লাইটে সাগর ভাই ও আফজাল ভাইয়ের সঙ্গে কথা বলার সময় নিজের স্বপ্নের কথা জানিয়েছিলাম। পরে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার পর তারা সেই স্বপ্নের কথা মনে রেখে একটি বড় লেখা লিখেছিলেন।’
শাকিবের ভাষায়, ‘প্রিয়তমা’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, যেটি বিশ্বব্যাপী ভালো ব্যবসা করেছে। এই সিনেমার মধ্য দিয়েই তার আন্তর্জাতিক যাত্রা শুরু হয়।
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করার স্বপ্নের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি সবসময় বলতাম, পৃথিবীর সব বড় বড় ইন্ডাস্ট্রির সিনেমার পোস্টারের সঙ্গে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি আমাদের বাংলা সিনেমার পোস্টারও দেখতে চাই।’
শাকিবের মতে, এখন ভালো সিনেমা মুক্তি পেলে শুধু বাংলাদেশ কিংবা আশপাশের দেশের সেল রিপোর্টেই সীমাবদ্ধ থাকতে হয় না। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের ইতালি ও ফ্রান্সের মতো দেশ থেকেও প্রবাসী দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার খবর পাওয়া যাচ্ছে। তার কাছে এই সাফল্য দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।
এদিকে উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের সাফল্যকে স্বীকৃতি জানাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। শনিবার সন্ধ্যায় ইভাঞ্জেল চার্চের পার্টি হলে জমকালো আয়োজনে বসে এ আসর। ‘শো-টাইম মিউজিক’-এর ব্যানারে ২৫ বছর ধরে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
গণমাধ্যম ও বিনোদন জগতে অবদানের জন্য আজীবন সম্মাননা পান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সেরা নায়ক হিসেবে পুরস্কার পান শাকিব খান।
‘বরবাদ’ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, রায়হান রাফি সেরা পরিচালক, তমা মির্জা সেরা অভিনেত্রী, মিশা সওদাগর সেরা খলনায়ক এবং আফজাল হোসেন আর্ট ও কালচারে অবদানের জন্য পুরস্কৃত হন।
এবারের আয়োজনে সাতটি ক্যাটাগরিতে ৩৭ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির লালন-বিকাশে অবদানের জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন ফারহান আহমেদ জোভান, অর্চিতা স্পর্শিয়া, সামিরা খান মাহি, ফাল্গুনী রহমান জলি, চঞ্চল চৌধুরী, নিরব হোসেন, মামনুন ইমন, প্রার্থনা ফারদিন দীঘি ও শিরিন শিলা। সংগীত ও মডেলিং বিভাগেও পুরস্কৃত হয়েছেন দেশের একাধিক শিল্পী।