নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তুষার নামক হিন্দু প্রতিবন্ধী ছেলেকে অকারনে মারধর করেন অত্র এলাকার আল আমিনের বিচারের দাবিতে সবাই প্রতিবাদ করেন, গতকাল সন্ধ্যায় শিমুলবাড়ীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিমুলবাড়ীর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাবোধ ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করেন এম শরীফুল ইসলাম বাবু।
সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত ও নিরপেক্ষ শাস্তির দাবি জানান। সার্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং এলাকায় সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে বিএনপি নেতৃবৃন্দসহ উপস্থিত সকলেই একাত্মতা ঘোষণা করেন।উক্ত বিচার সালিশে শরিফুল ইসলাম এমডি বাবু বলেন, আজকে আমরা এখানে একত্র হয়েছি একটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনার বিচার করতে। আমাদের সমাজেরই একটি অসহায়, প্রতিবন্ধী হিন্দু ছেলেকে যেভাবে অন্যায়ভাবে মারধর করা হয়েছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। ভাইয়েরা আমার, প্রতিবন্ধী মানুষগুলো আমাদের সমাজেরই অংশ।
আল্লাহ তাআলা কিংবা ভগবান—যিনিই বলুন না কেন, সৃষ্টিকর্তা তাদের কিছুটা শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের সুরক্ষা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো একজন প্রতিবন্ধী ছেলের ওপর হাত তোলা চরম অমানবিকতা ও কাপুরুষতা। বিশেষ করে সে অন্য ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আমাদের এলাকারই সন্তান। আমাদের ধর্ম, আমাদের সমাজ বা আমাদের মনুষ্যত্ব কি আমাদের এই শিক্ষা দেয় যে, শক্তি দেখিয়ে একজন অসহায় মানুষের গায়ে হাত তুলতে হবে?এই আল আমিনের বিচার হবে এই শিমুলবাড়ীতে। আজকে যদি এই অন্যায়ের উপযুক্ত বিচার না হয়, তবে কালকে আমাদের সমাজে আরও বড় ধরনের অন্যায় করার সাহস পাবে অপরাধীরা। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই—এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হতেই হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আল মামুন, সাধারণ সম্পাদক জনাব মোঃ হাফিজুর মেম্বার, সাবেক ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান রাজা এবং সাবেক সহ-সভাপতি নুর হোসেন। এই বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনর্চাজ নাজমুল আলম বলেন,গতকাল মামলা হয়েছে এবং একজন আসামীকে ধরতে সক্ষম হয়েছি,যারা এই মামলার সাথে জড়িত আছে সবাইকে ধরার প্রক্রিয়া চলছে।এ ছাড়া বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের প্রতি জোরালো গুরুত্বারোপ করেন।