ঢাকায় বড় ব্যবধানে জয়ের কারণে ২ ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিলেটেও বলতে গেলে ম্যাচ ক্যারিবীয়দের হাতে। তবে, চতুর্থ দিন শেষ বিকেলে মনে হলো, তারা ম্যাচটি হয়তো জিততে চাচ্ছে না। না হয়, ৩০০’র ও বেশি লিড হওয়ার পরও ইনিংস ঘোষণা করেনি তারা। বরং, ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিন শেষ করেছে তারা। লিড নিয়েছে ৩১৫ রানের।
পঞ্চম দিন সকালে হয়তো আরও বেশ কিছুক্ষণ ব্যাট করবে তারা। এরপর ইনিংস ঘোষণা করলেও অতি মানবীয় কিছু না ঘটলে টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত ড্র’ই হতে পারে। যদিও বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। কারণ, শেষ দিনে এক-দুই সেশনেও অলআউট হয়ে যেতে পারে টাইগার ব্যাটাররা। তখন, ম্যাচ ড্র নয়, উল্টো হারতে পারে বাংলাদেশ।
ম্যাচের এখন যে পরিস্থিতি, তাতের বাংলাদেশের জয়ের সম্ভাবনা নাই বললেই চলে। ৩১৫ রানের লিড ক্যারিবীয়দের। শেষ দিন সকালে আরও কিছু লিড যোগ করলে, বাকি সময়ে এই রান তোলা বাংলাদেশের ব্যাটারদের পক্ষে সম্ভব নয়। বরং, জয়ের চিন্তা করে ব্যাট করতে গেলে হারের সম্ভাবনাই বেশি তৈরি হবে। সব মিলিয়ে সিলেট টেস্টে ড্রাইভারের আসনে এখন পুরোপুরিভাবেই ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের থোড়াই কেয়ার করেছে ক্যারিবীয় ব্যাটাররা। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন কাভেম হজ। তিনি অপরাজিত রয়েছেন ১৪০ রানে। তার সঙ্গে ব্যাট করছেন আমির জাঙ্গু, ২০ রান নিয়ে। যিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ৭৮ রান করে আউট হন কেভিন উইকহ্যাম। অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করলেন তিনি।