প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয়। মানুষের জীবনে প্রভাব ফেলে এমন বিভিন্ন বিষয় তুলে ধরতে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে যদিও এখন টেলিভিশন তুলনামূলকভাবে কম বাসাবাড়িতেই দেখা যায়, তবে বর্তমান প্রজন্মের মোটামুটি সবাই নিজেদের শৈশবে টেলিভিশন দেখেছে। এ দিবসে গণমাধ্যম হিসেবে টেলিভিশনের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
১৯২৭ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন ২১ বছর বয়সী উদ্ভাবক ফিলো টেলর ফার্নসওয়ার্থ। তার ধারণা ছিল, চলমান ছবিকে ধারণ করে কোডে রূপান্তর করা হবে। এরপর রেডিও তরঙ্গের মাধ্যমে সেই ছবি বিভিন্ন যন্ত্রে পাঠানো হবে। ১৯২৮ সালে টেলিভিশনে প্রথম সম্প্রচার করা হয়। তবে বাণিজ্যিকভাবে টেলিভিশন বিক্রি শুরু হয় ১৯৩৮ সালে।
সে সময় বাড়িতে টেলিভিশন থাকা ছিল বিরল ঘটনা। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ লাখ পরিবারের কাছে টেলিভিশন ছিল। এর দামও ছিল অনেক বেশি। তখন বাজারে সবচেয়ে দামি টেলিভিশনের মূল্য ছিল ১ হাজার ২৯৫ ডলার (১ লক্ষ ৬০ হাজার ৯১২ টাকা প্রায়)। বর্তমান মূল্যস্ফীতি হিসাব করলে এর দাম প্রায় ১৪ হাজার ডলার (১৭ লক্ষ ৩৯ হাজার ৫৯৭ টাকা প্রায়)। ১৯৬৯ সালের মধ্যে টেলিভিশন থাকা পরিবারের সংখ্যা বেড়ে ৪ কোটি ৪০ লাখে দাঁড়ায়। একই সময়ে টেলিভিশন স্টেশনের সংখ্যা ৬৯ থেকে বেড়ে ৫৬৬ হয়।
নতুন এই গণমাধ্যম মানুষের সংস্কৃতিতে প্রভাব ফেলতে শুরু করে। টেলিভিশন তারকাদের জন্ম হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান তৈরি হয় এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিতর্ক থেকে শুরু করে যাবতীয় রাজনৈতিক টকশো সরাসরি সম্প্রচার করা হয়। জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের মানুষ দিনের পর দিন টেলিভিশনে চোখ রেখে ঘটনার খবর ও পরবর্তী পরিস্থিতি জানতে থাকে।
শুধু খবর নয়, বাস্তবতা থেকে সাময়িক মুক্তি পেতেও অনেক আমেরিকান টেলিভিশনের ওপর নির্ভর করতেন। ‘স্টার ট্রেক’, ‘দ্য অ্যান্ডি গ্রিফিথ শো’ ও ‘বেভারলি হিলবিলিস’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান ভিয়েতনাম যুদ্ধের কঠিন বাস্তবতা থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিত।
বর্তমানে বিশ্বজুড়ে ১৬৩ কোটি মানুষের বাড়িতে টেলিভিশন রয়েছে। টেলিভিশনের সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও এটি দেখার উদ্দেশ্য খুব একটা বদলায়নি। মানুষ এখনো খবর জানতে, অবসর কাটাতে কিংবা বাস্তবতা থেকে সাময়িকভাবে দূরে থাকতে টেলিভিশন দেখে। বিশেষ করে শিশুরা টেলিভিশন থেকে নানা বিষয় শেখে।
টেলিভিশনের সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে জাতিসংঘ সচেতন। সংস্থাটি টেলিভিশনকে যোগাযোগ ও বিশ্বায়নের প্রতীক হিসেবেও দেখে। এ ধারণাকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্যে রয়েছে যোগাযোগসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে টেলিভিশনের ভূমিকা নিয়ে তথ্যভিত্তিক সভা।
১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর অনুষ্ঠিত প্রথম বিশ্ব টেলিভিশন ফোরামের স্মরণে দিনটি নির্ধারণ করা হয়। ফোরামে গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিরা পরিবর্তনশীল বিশ্বে টেলিভিশনের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার