পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত স্থগিত হয়েছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে সফর পিছিয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন সফরের আয়োজকদের একজন।
ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ শুক্রবার (২০ নভেম্বর) জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় শেষ মুহূর্তে সফরটি স্থগিত করতে হয়েছে। তবে তার সফরসঙ্গী পাঁচজন আসার ব্যাপারে অনিশ্চয়তা নেই।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার মুফতি তাকি উসমানীর সফরকে নিরাপদ মনে করছে না। এ কারণে আপাতত না আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকদের এই বক্তব্য নিয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সফর স্থগিতের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও এখন পর্যন্ত জানা যায়নি।
সফরটি কবে নাগাদ নতুন করে নির্ধারিত হতে পারে, সে বিষয়েও কিছু জানাননি আয়োজকেরা।