• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: নিবন্ধন, ফি আদায় ও বই বিতরণে অনিয়মের অভিযোগ টঙ্গীতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কারাফটকে ছেলের মরদেহ শেষবার ছুঁয়ে দেখলেন শারমিন সুলতানা দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ যেতে নারীদের জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে প্রবাসী ব্যাংক প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে অসংগতি, ফের ১০ দিনের রিমান্ডে সুইডেন আসলাম সুনামগঞ্জে খাসজমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন ও’রুর্ক

দুই বছর পর বিজয় দিবসে ফিরছে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে

প্রবাস পোস্ট ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময়ে টানা দুই বছর বন্ধ ছিল মহান বিজয় দিবসে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে। এ নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর। কুচকাওয়াজ ও ডিসপ্লের পরিবর্তে আয়োজন করা হয়েছিল বিজয়মেলা।

এবার সেই চিত্র পাল্টাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বিজয়মেলা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং দোয়ার আয়োজন থাকবে। এরই মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এবারের ডিসপ্লে নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে প্রশাসনের। ডিসপ্লেতে যেন দেশবিরোধী কোনো বিষয় উপস্থাপন করা না হয়, সেজন্য নজরদারি করা হচ্ছে। জেলা পর্যায়ে একাধিক উপকমিটি গঠন করে ডিসপ্লের স্ক্রিপ্ট যাচাই-বাছাই ও অনুমোদন দেওয়া হবে।

পরীক্ষা শেষেই শুরু হবে কুচকাওয়াজের প্রস্তুতি

রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন বার্ষিক পরীক্ষা চলছে। আগামী ৬ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে। এরপরই শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লের প্রস্তুতি নেবে।

তিনি জানান, ৬ ডিসেম্বরের আগেই একাধিক উপকমিটি গঠন করা হবে। এসব উপকমিটি স্কুল-কলেজের সঙ্গে যোগাযোগ করে ডিসপ্লের স্ক্রিপ্ট সংগ্রহ করবে। যাচাই-বাছাই শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্ক্রিপ্ট অনুমোদন দেওয়া হবে।

আরও কয়েকজন জেলা শিক্ষা কর্মকর্তা জানান, যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের নির্দেশনা রয়েছে। তবে ডিসপ্লে নিয়ে প্রশাসনের বাড়তি সতর্কতা রয়েছে। কেউ যেন দেশবিরোধী কোনো বিষয় উপস্থাপনের সুযোগ নিতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসনও এ কাজে সহযোগিতা করবে।

নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। কীভাবে এ আয়োজন সফল করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এর বেশি মন্তব্য করতে চাননি তিনি।

যেভাবে বন্ধ হয়েছিল কুচকাওয়াজ-ডিসপ্লে

প্রতি বছর ডিসেম্বরের শুরু থেকেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ ও ২০২৫ সালে এ চিত্র ছিল ভিন্ন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছিলেন, বিজয় দিবসে কুচকাওয়াজের পরিবর্তে দেশজুড়ে বিজয়মেলার আয়োজন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে হবে না। এর পরিবর্তে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছিল।

পরের বছরও একই সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের ১৯ নভেম্বর সচিবালয়ে এক সভা শেষে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় প্যারেড গ্রাউন্ডের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না।

ফলে টানা দুই বছর বিজয় দিবসে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে বন্ধ ছিল। চলতি বছরের মার্চে স্বাধীনতা দিবসে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন শিক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক বলেন, গত দুই বছর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত না হওয়ার কারণ জানা নেই। এখন পরিস্থিতি ভিন্ন, যে কারণে এবার এই আয়োজন না হওয়ার কোনো কারণ দেখি না।

বিজয় দিবস ঘিরে সরকারের ১৯ দফা কর্মসূচি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয় দিবস উদযাপনে ১৯ দফা জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

জাতীয় কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সব জেলা ও উপজেলায়ও দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে নির্ধারিত মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উঁচু ভবন ও প্রধান সড়ক জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে। থাকবে আলোকসজ্জা।

দিবসের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অন্য মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন।

শিক্ষার্থীদের জন্য থাকছে নানা আয়োজন

সরকারি নির্দেশনা অনুযায়ী, কুচকাওয়াজ ও ডিসপ্লের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে এসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন থাকবে। শিশু-কিশোরদের জন্য প্রীতি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতার ও টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট।

এছাড়া শিক্ষার্থীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখানোর ব্যবস্থা থাকবে। দেশের জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও বিনোদনকেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (দিবস ও সেবা) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, এবারের বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দিবসটি উদযাপনে বাজেটের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

Share this news as a Photo Card


আরো নিউজ

দুই বছর পর বিজয় দিবসে ফিরছে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দুই বছর পর বিজয় দিবসে ফিরছে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com