গাজীপুরের টঙ্গীতে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এরশাদনগর বড়বাজারের ব্যবসায়ীরা। এ সময় কথিত সোর্স ঢুলী আনোয়ারের বিরুদ্ধে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিকে ভুল তথ্য দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে সন্ত্রাসী কামু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় ১ নং ব্লকের বড় বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টঙ্গী অঞ্চলের সন্ত্রাসী কামু বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত কথিত সোর্স ঢুলী আনোয়ার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে পুলিশ, ডিবি ও এসআরবিকে ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে কয়েকটি বন্ধ দোকানের তালা ভেঙে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ফাঁসানোর চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের অবরুদ্ধ করলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে নিয়ে যায় বলে দাবি করেন বক্তারা।
তাঁরা আরও অভিযোগ করেন, সন্ত্রাসী কামু ও তাঁর সহযোগীরা বিভিন্ন অপকর্মে জড়িত। এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত তাঁদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রধান, সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এ কে আবুল কালাম বাবু এবং ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।
এ ছাড়া বড়বাজার পরিচালনা কমিটির সমিতির সভাপতি বাবুল মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন খলিফা, সহসভাপতি জয়নুল আবেদীন মোল্লা, সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, সহসাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।