কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে ছেলের মরদেহ শেষবার ছুঁয়ে দেখলেন যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মি। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারাগারের ফটকে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) মরদেহ নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু দুপুরে বলেন, কারাফটকে শারমিন সুলতানা তার সন্তানকে দেখেছেন। দুপুর ১২টার দিকে তাদের দেখা হয়েছে। এখন আমরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছি, পথে আছি।
কারাগার থেকে বের হয়ে বন্দি শারমিন সুলতানার ছোট বোন শাম্মী জানান, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে।
কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শনিবার ছেলের মৃত্যুর খবর কারাগারে পৌঁছালে তিনি তাকে শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করে আবেদন করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেননি। তবে ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছেন। মানবিক বিবেচনা করে কারাগারের ফটকে ছেলেকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।