আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি কন্ডিশনে ও’রুর্ক কার্যকর হবেন বলেই মনে করছেন নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিং ও কাফের চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাকে খেলায়নি দলটি। মূলত অস্ট্রেলিয়া সফরের জন্য তাকে পুরোপুরি ফিট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ক্যারিয়ারে ১৪ টেস্ট খেলে ৪৯ উইকেট শিকার করেছেন তিনি ২৪.৫৫ গড়ে।
নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘ইতোমধ্যে শক্তিশালী পেস আক্রমণে উইলকে ফেরাতে পেরে আমরা রোমাঞ্চিত। তার উচ্চতা এবং গতিতে ডানহাতি ব্যাটারের দিকে বল ভেতরে আনার সামর্থ্য আমাদের বোলিংয়ে নতুন মাত্রা যোগ করবে।’
অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবারই প্রথম দেশটির মাটিতে চার ম্যাচের সিরিজ খেলবে তারা। মেলবোর্নে বক্সিং ডে টেস্টটি হবে অধিনায়ক ল্যাথামের ক্যারিয়ারের শততম টেস্ট।
দলে সাতজন পেসার রেখেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ ম্যাট হেনরির নেতৃত্বে আছেন কাইল জেমিসন, মাইকেল রে, ম্যাট ফিশার, নাথান স্মিথ, জ্যাকব ডাফি ও ও’রুর্ক। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলা রেও জায়গা পেয়েছেন দলে।
প্রধান কোচ রব ওয়াল্টার স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাত ভাঙায় আপাতত দলে নেই মিচেল স্যান্টনার। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে তার দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষিত দলে বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও গ্লেন ফিলিপসকে সহায়তা করতে রাখা হয়েছে ডিন ফক্সক্রফটকে।
আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে হবে বাকি তিন ম্যাচ।
নিউজিল্যান্ডের টেস্ট দল
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লুন্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।