গোপালগঞ্জ জেলায় বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কোনো পূর্ব ঘোষণা কিংবা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই জেলার প্রায় ১০ লাখ মানুষের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করে দেওয়াকে স্বেচ্ছাচারী ও গ্রাহক অধিকারের পরিপন্থি উল্লেখ করে দ্রুত এসব সেবা চালুর দাবি জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে আরিফ শেখের পক্ষে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।
নোটিশটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৫ নভেম্বর কোনো ধরনের পূর্ব ঘোষণা, ব্যক্তিগত বা গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ ছাড়াই বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন কার্যক্রম গোপালগঞ্জ জেলায় স্থগিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জেলার প্রায় ১০ লাখ মানুষের আর্থিক সেবা পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
এর ফলে গ্রাহকরা নিজেদের জমা রাখা অর্থ উত্তোলন, অন্যত্র টাকা পাঠানো, ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছেন না। আকস্মিক এ সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগে পড়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ফলে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ প্রচলিত বিধিবিধান ও গ্রাহক সুরক্ষা নীতিমালা অনুসরণ করা প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক।
আইনজীবীর দাবি, কোনো নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট বা লেনদেনে আইনগত, কমপ্লায়েন্স কিংবা অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত সন্দেহ তৈরি হলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাকাউন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সুনির্দিষ্ট আদেশ, যথাযথ আইনগত কারণ কিংবা পূর্ব নোটিশ ছাড়া একটি জেলার সব মানুষের আর্থিক সেবা একযোগে বন্ধ করে দেওয়া স্বেচ্ছাচারী ও অযৌক্তিক। এটি গ্রাহকের অধিকার এবং আর্থিক সেবার স্বাভাবিক কার্যক্রমের পরিপন্থী।
আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার স্বীকৃত নীতিমালার প্রসঙ্গ তুলে নোটিশে বলা হয়, ঝুঁকি মোকাবিলার নামে ঢালাওভাবে কোনো অঞ্চল বা জনগোষ্ঠীকে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা উচিত নয়। সম্ভাব্য ঝুঁকি নিরসনে সুনির্দিষ্ট, আনুপাতিক ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এতে সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবারসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নিজেদের অর্থের ওপর গ্রাহকদের স্বাভাবিক নিয়ন্ত্রণও বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংককে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণ সরেজমিনে ও সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে তদন্ত করা এবং বিকাশ, নগদ ও রকেটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন সম্পূর্ণরূপে সচল করার নির্দেশ দেওয়া।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনগত বিধান ছাড়া ভবিষ্যতে কোনো নির্দিষ্ট অঞ্চল, এলাকা কিংবা জনগোষ্ঠীর মোবাইল ব্যাংকিংসহ আর্থিক সেবা ঢালাওভাবে বন্ধ না করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।
এ ছাড়া অযৌক্তিক ও বেআইনিভাবে সেবা বন্ধ রাখার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশের অনুলিপি আবেদনকারীকে সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এটি পাওয়ার সাত দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরিফ শেখের পক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে। সে ক্ষেত্রে মামলার যাবতীয় আইনি খরচ ও আনুষঙ্গিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।