মাছ মানেই পুষ্টি, এমনটাই জানেন অধিকাংশ মানুষ।প্রেতিদিনের খাবারের তালিকায় রুই, কাতলা, তেলাপিয়া কিংবা পাবদার মতো মাছ থাকে অনেকেরই। কিন্তু জানেন কি, কিছু মাছের শরীরে লুকিয়ে থাকতে পারে পরজীবীর লার্ভা? ঠিকমতো রান্না না করে সেই মাছ খেলে পরজীবী মানুষের অন্ত্রে বাসা বাঁধতে পারে।
এমনকি পেটের সমস্যা থেকে শুরু করে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি, এমনকি রক্তাল্পতার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই শুধু সবজি ভালোভাবে ধুয়ে খাওয়াই নয়, মাছ রান্নার ক্ষেত্রেও প্রয়োজন বাড়তি সতর্কতা। কোন কোন মাছে ফিতাকৃমির সংক্রমণের ঝুঁকি থাকে? কীভাবে রান্না করলে এই বিপদ এড়ানো সম্ভব?
মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের একটি পরিচিত প্রজাতির বৈজ্ঞানিক নাম ডিবোথ্রিওসেফালাস ল্যাটাস । আগে এটি ডিফাইলোবোথ্রিয়াম ল্যাটাম নামে পরিচিত ছিল। সংক্রমিত মিঠা পানির মাছ কাঁচা বা অল্প রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে তা ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হয়।
এই পরজীবী মানুষের অন্ত্রে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। পূর্ণাঙ্গ অবস্থায় এর দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারে। তবে প্রত্যেক সংক্রমিত মানুষের শরীরে এত বড় কৃমি তৈরি হবে, এমন নয়। সংক্রমণের মাত্রা এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর বিষয়টি নির্ভর করে।
অনেকের শরীরে ফিতাকৃমি প্রবেশ করলেও প্রথম দিকে কোনো উপসর্গ বোঝা যায় না। ফলে সংক্রমণ হয়েছে, তা অনেক সময় অজানাই থেকে যায়। তবে সংক্রমণ বাড়লে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ক্ষুধামন্দা। অনেকের ক্ষেত্রে ধীরে ধীরে ওজনও কমতে পারে।
এই পরজীবীর সংক্রমণের অন্যতম উদ্বেগের কারণ হল ভিটামিন বি১২-এর ঘাটতি। ফিতাকৃমি অন্ত্রে খাবার থেকে পাওয়া ভিটামিন বি১২ শোষণ করতে পারে। ফলে দীর্ঘদিন সংক্রমণ থাকলে শরীরে এই ভিটামিনের অভাব দেখা দিতে পারে। এর কারণে রক্তাল্পতা, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা এবং স্নায়ুর সমস্যাও হতে পারে। বিরল ক্ষেত্রে অন্ত্রে কৃমির পরিমাণ বেশি হলে অন্ত্রের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হতে পারে।
ফিতাকৃমির সংক্রমণের ঝুঁকি মূলত মাছের প্রজাতি, বাসস্থান এবং উৎসের উপর নির্ভর করে। বিশেষ করে মিষ্টি পানির কিছু মাছের মধ্যে এই পরজীবীর লার্ভা থাকতে পারে। বাংলার পরিচিত মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরার মতো মাছ নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। এছাড়া ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো মাছেও বিভিন্ন প্রজাতির পরজীবীর সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।
স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে পরজীবী সংক্রমণের আশঙ্কা থাকে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই তালিকায় থাকা প্রতিটি মাছেই ফিতাকৃমি রয়েছে, এমন নয়। মাছের প্রজাতি বা নাম দেখেই সংক্রমণ হয়েছে কি না বোঝা সম্ভব নয়। মাছ কোথা থেকে এসেছে, কোন পরিবেশে বড় হয়েছে এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে, তার উপর ঝুঁকি নির্ভর করে।
মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে নির্দিষ্ট তাপমাত্রায় হিমায়িত করা কার্যকর পদ্ধতি। তবে সাধারণ বাড়ির ফ্রিজে মাছ রেখে দিলেই সব ধরনের পরজীবী মারা যাবে, এমন ধারণা ঠিক নয়। কারণ পরজীবী ধ্বংস করার জন্য নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময় ধরে মাছ হিমায়িত রাখা প্রয়োজন।
মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-এর নির্দেশিকায় পরজীবী ধ্বংসের জন্য তিনটি হিমায়ন পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথম পদ্ধতিতে মাছকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা সাত দিন রাখতে হয়। দ্বিতীয় পদ্ধতিতে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ জমিয়ে নিয়ে অন্তত ১৫ ঘণ্টা ওই তাপমাত্রায় রাখতে হয়। তৃতীয় পদ্ধতিতে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসে মাছ সম্পূর্ণ জমিয়ে নেওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা রাখতে হয়।
তবে বাড়ির ডিপ ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু কয়েক ঘণ্টা বা এক রাত মাছ ফ্রিজে রেখে পরজীবী নষ্ট হয়ে গিয়েছে বলে ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে কাঁচা মাছ খাওয়ার ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।
পরজীবী সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ পর্যাপ্ত তাপে রান্না করা। মাছের ভেতরের অংশও ভালোভাবে সিদ্ধ বা রান্না হওয়া জরুরি। বাইরে থেকে মাছের রং বদলে গেলেই যে ভেতরের অংশ সম্পূর্ণ রান্না হয়েছে, তা নয়।
এফডিএ-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভেতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়। থার্মোমিটার না থাকলে মাছের ভেতরের অংশ কাঁচা বা স্বচ্ছ রয়ে গিয়েছে কি না, তা খেয়াল করুন।
মাছ কাটার আগে ও পরে ছুরি, কাটিং বোর্ড এবং হাত ভালোভাবে পরিষ্কার করুন। কাঁচা মাছের সংস্পর্শে আসা সরঞ্জাম রান্না করা খাবারের সঙ্গে ব্যবহার করবেন না। মাছ সংরক্ষণের সময়ও ঠান্ডা পরিবেশ বজায় রাখুন।
একেবারেই নয়। মাছ প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজের ভালো উৎস। তাই পরজীবীর ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং মাছ কেনা থেকে শুরু করে সংরক্ষণ ও রান্না-প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে মাছ কিনুন, দ্রুত ফ্রিজে রাখুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান।
সূত্র: নিউজ এইটটিন, এনডিটিভি, ক্লিভল্যান্ড ক্লিনিক