বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রতি ব্যারেল তেলের দাম ১১১ ডলার ছাড়িয়েছে। উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবর এবং রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।
উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি ও অন্যান্য অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়ছে তেলের বাজারে। এসব ভূরাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
এদিকে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাত পেয়ে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ফার্স সংবাদ সংস্থা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের কথিত ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বড় মূল্য দিতে হবে।
এ ছাড়া, গতকাল হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।
হরমুজ প্রণালি বিশ্বে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়।
সূত্র: আল-জাজিরা