বলিউডের ভাইজান সালমান খান। পর্দায় তার দাপট যেমন, ব্যক্তিগত জীবনেও নানা কারণে আলোচনায় থাকেন এই অভিনেতা। এবার এক সহকর্মীর কাছে ফোন করে দুঃখ প্রকাশের ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি। সেই সহকর্মী আর কেউ নন, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত এবিপির একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন সালমান। সেখানে নিজের আসন্ন সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার কথোপকথনের ঘটনাও সামনে আনেন অভিনেতা। সালমানের এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
ঘটনার নেপথ্যে রয়েছে দুই তারকার সিনেমা মুক্তির তারিখ। আগামী ৪ ডিসেম্বর একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সালমানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এবং শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমার। একই দিনে দুই সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি জানার পরই শ্রদ্ধাকে ফোন করেন সালমান।
অভিনেতার ভাষ্য, শ্রদ্ধার সিনেমাটিও যে ৪ ডিসেম্বর মুক্তি পাবে, তা আগে জানতেন না তিনি। বিষয়টি জানা থাকলে নিজের সিনেমার জন্য অন্য কোনো মুক্তির তারিখ বেছে নিতেন বলেও জানান সালমান। এ জন্য শ্রদ্ধার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
তবে সালমানের ফোনে শ্রদ্ধা কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। বরং অভিনেত্রী তাকে আশ্বস্ত করেন, একই দিনে মুক্তি পেলেও দুটি সিনেমাই দর্শকের ভালোবাসা পেতে পারে। শুধু তা-ই নয়, শ্রদ্ধার সিনেমা ‘ইথা’ দেখার জন্য দর্শকদের উৎসাহিতও করেছেন সালমান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টারও শেয়ার করেছিলেন তিনি।
সালমানের ‘মাতৃভূমি’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘাতের ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান। অন্যদিকে লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইথা’ সিনেমাটি লাবণী ও তামাশা শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত।
উল্লেখ্য, প্রথমে ২০ নভেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সিনেমাটির তারিখ ২৭ নভেম্বর করা হয়। ভিএফএক্সের কাজ শেষ করতে দেরি হওয়ায় শেষ পর্যন্ত ‘মাতৃভূমি’র মুক্তি পিছিয়ে ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।