গাজীপুরের কাশিমপুরে ঝাল মুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুইজন আহত হয়ে কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরী করতেন।
পুলিশ জানায়, বুধবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় রাফিজ একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন। এ সময় রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুজনসহ রাফিজের ওপর হামলা চালান। হামলায় রাফিজের পেটের ডানপাশে গভীর ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফেজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে পুলিশ আটক করে। আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপপরিদর্শক (এস আই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।
https://slotbet.online/