• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রবাসীদের সেবা দিল বাংলাদেশ দূতাবাস একই দিনে দুই সিনেমা মুক্তি, শ্রদ্ধার কাছে দুঃখ প্রকাশ করলেন সালমান হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু? জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক, ৭২ ঘণ্টা পরও মিলতে পারে চিকিৎসার সুযোগ

হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু?

ধর্ম ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ওয়াজ-মাহফিলে আল্লাহর নবী নুহের (আলাইহিস সালাম) নৌকা সম্পর্কিত নানা চমকপ্রদ কাহিনি প্রায়ই শোনা যায়। বিশেষ করে নৌকায় থাকা জীবজন্তুর বর্জ্য খাওয়ার জন্য শূকর সৃষ্টি এবং ইঁদুরের উৎপাত ঠেকাতে বিড়াল সৃষ্টির গল্পটি তাফসিরের কিছু গ্রন্থ ও লোকমুখে বেশ প্রচলিত। কিন্তু হাদিসশাস্ত্রের নিরিখে যাচাই করলে দেখা যায়, এই কাহিনিগুলোর সনদ যেমন অত্যন্ত দুর্বল, তেমনি তা কোরআন, নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিসের বক্তব্য ও আধুনিক বিজ্ঞানের প্রমাণিত তথ্যের সাথেও সাংঘর্ষিক।

প্রচলিত কাহিনি

প্রচলিত কাহিনি হলো, হজরত ঈসার (আলাইহিস সালাম) শিষ্য বা হাওয়ারিরা তাঁকে অনুরোধ করেছিলেন, নুহের (আ.) নৌকা দেখেছেন এমন কাউকে যেন জীবিত করে তাঁদের সাথে কথা বলিয়ে দেন। ঈসা (আ.) একটি মাটির ঢিবির কাছে গিয়ে হাতের মুঠোয় মাটি নিয়ে জানতে চাইলেন, এটি কী? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। ঈসা (আ.) জানালেন, এটি নুহের (আ.) ছেলে হামের গোড়ালির হাড়।

এরপর তিনি লাঠি দিয়ে আঘাত করে আল্লাহর অনুমতিতে তাকে উঠতে বললে, মাটি ঝেড়ে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং তার চুল পাকা অবস্থায় দেখা গেল। ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, তুমি কি এভাবেই মারা গিয়েছিলে? সে বলল, না, আমি যুবক অবস্থাতেই মারা গিয়েছিলাম; কিন্তু উঠেই মনে করেছি কেয়ামতের সময় এসে গেছে, তাই ভয়ে চুল পেকে গেছে।

নৌকার বিবরণ দিতে গিয়ে সে বলে, নৌকাটি ছিল ১ হাজার ২০০ হাত লম্বা এবং ৬০০ হাত চওড়া। নৌকাটি ছিল তিনতলা—একটিতে চতুষ্পদ জন্তু ও হিংস্র প্রাণী, একটিতে মানুষ এবং আরেকটিতে পাখি ছিল। পশুপাখির বর্জ্য বেড়ে গেলে আল্লাহর নির্দেশে নুহ (আ.) হাতির লেজে চাপ দেন, আর তা থেকেই একটি পুরুষ ও একটি স্ত্রী শূকর বেরিয়ে এসে বর্জ্য পরিষ্কার করতে শুরু করে।

একইভাবে নৌকার তলা বা মধ্যভাগ ইঁদুর কাটতে শুরু করলে আল্লাহর নির্দেশে নুহ (আ.) সিংহের দুই চোখের মাঝখানে আঘাত করেন, এবং তার নাকের ছিদ্র দিয়ে একটি পুরুষ ও একটি স্ত্রী বিড়াল বেরিয়ে এসে ইঁদুরের পেছনে লাগে।

কাহিনিতে আরও বলা হয়, প্লাবন শেষে দেশ ডুবে গেছে কি না তা জানার জন্য নুহ (আ.) কাক পাঠালে সেটি মৃতদেহের ওপর বসে পড়ে; ফলে তিনি কাকের জন্য ভয়ের দোয়া করেন, যে কারণে মানুষ কাক পছন্দ করে না, কাকও মানুষের পোষ মানে না। পরে কবুতর পাঠালে সেটি ঠোঁটে জলপাই গাছের ডাল ও পায়ে কাদা নিয়ে ফেরে। নুহ (আ.) কবুতরের গলার সবুজ রঙের চিহ্ন দিয়ে এক প্রকার হার বা চিহ্ন এঁকে দেন এবং তার জন্য নিরাপত্তা ও ভালোবাসার দোয়া করেন, ফলে কবুতর মানুষের সাথে মিলেমিশে থাকে।

শেষে ঈসার (আ.) শিষ্যরা তাকে নিজেদের সাথে নিতে চাইলে তিনি জানান, যার রিজিক নির্ধারিত নেই সে কীভাবে সাথে যাবে? এরপর আল্লাহর নির্দেশে সে আবার মাটিতে পরিণত হয়।

সনদ ও হাদিসশাস্ত্রের বিচারে যাচাই

ইমাম তাবারি, ইবনে কাসির এবং কুরতুবি (রাহিমাহুমুল্লাহ) তাঁদের তাফসির গ্রন্থে এই বর্ণনাটি উল্লেখ করেছেন। তবে হাদিস বিশারদদের গবেষণায় দেখা গেছে, এই বর্ণনার সনদ বা সূত্র পরম্পরায় একাধিক দুর্বলতা ও ত্রুটি রয়েছে।

বর্ণনার একটি সূত্রে রয়েছেন মুফাদ্দাল ইবনে ফাদালা। ইমাম নাসায়ি, ইবনে মাইন এবং হাফেজ ইবনে হাজার (রাহিমাহুমুল্লাহ) তার বর্ণনাকে দুর্বল বা কম শক্তিশালী বলে মন্তব্য করেছেন। ইমাম ইবনে আদি তাঁর একটি বর্ণনাকে অত্যন্ত মুনকার বা অস্বীকৃত বলে উল্লেখ করেছেন।

এই বর্ণনার আরেকজন রাবি হলেন আলি ইবনে জায়েদ ইবনে জাদআন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাইন, নাসায়ি ও ইবনে হিব্বান (রাহিমাহুমুল্লাহ) তাকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, তার স্মৃতিশক্তিতে দুর্বলতা ছিল ও বর্ণনায় ভুল হতো।

এ ছাড়া বর্ণনায় ইউসুফ ইবনে মিহরান নামের এক ব্যক্তির নাম এসেছে, যার সম্পর্কে ইমাম আহমদ বলেছেন যে তিনি অপরিচিত এবং আলি ইবনে জায়েদ ছাড়া আর কেউ তার থেকে বর্ণনা করেছেন বলে জানা যায় না। হাফেজ ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) তাকে দুর্বল বর্ণনাকারী হিসেবে উল্লেখ করেছেন।

মূলত ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে এই বর্ণনাটি কেবল ইউসুফ ইবনে মিহরান, তার থেকে আলি ইবনে জায়েদ এবং তার থেকে মুফাদ্দাল ইবনে ফাদালার মাধ্যমে এসেছে। এমন একক ও দুর্বল সূত্রে আসা বর্ণনাকে হাদিসশাস্ত্রে ‘গারিবে মুনকার’ বা অত্যন্ত অস্বীকৃত ও দুর্বল হিসেবে গণ্য করা হয়। হাফেজ ইবনে কাসিরও ‘আল-বিদায়া ওয়ান-নিহায়া’ গ্রন্থে এটি উল্লেখ করে বলেছেন, এটি অত্যন্ত গারিব বা অদ্ভুত বর্ণনা। ইমাম আহমদ ও ইমাম মালিক (রাহিমাহুমাল্লাহ) এ ধরনের অদ্ভুত ও দুর্বল বর্ণনা সংগ্রহে সতর্ক করেছেন।

কোরআন, নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিস ও বিজ্ঞানের আলোয় যাচাই

এই কাহিনি যেমন শরঈভাবে প্রমাণিত হয় না, এর ভিত্তিতে শূকরের আদি উৎস হাতি বলে ধারণা করা যায় না, তেমনি আধুনিক জিনতত্ত্ব বা জেনেটিক্সও এটি সমর্থন করে না। শূকরের কোষের নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমের সংখ্যা ও জিনগত বৈশিষ্ট্য হাতির কোষের ক্রোমোজোম থেকে সম্পূর্ণ ভিন্ন।

অন্যদিকে, কোরআনে বনি ইসরাইলের মধ্য থেকে একদলকে বানর ও শূকরে পরিণত করার কথা এসেছে। কিন্তু এর অর্থ এই নয় যে, পৃথিবীর সব বানর ও শূকরই শাস্তিস্বরূপ রূপান্তরিত মানুষের বংশধর। সহিহ মুসলিমের একটি হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করেছিলেন, বানর ও শূকর কি রূপান্তরিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত? জবাবে নবীজি (সা.) বলেছিলেন, আল্লাহ কোনো সম্প্রদায়কে ধ্বংস করলে তাদের জন্য বংশধর রাখেন না; বানর ও শূকর আগে থেকেই ছিল। ইমাম নববি (রাহিমাহুল্লাহ) এই হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট করেছেন যে, বনি ইসরাইলের রূপান্তরের আগেই এগুলো দুনিয়ায় ছিল।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জমিন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না। (সুরা ইয়াসিন: ৩৬) আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায়, তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। (সুরা যারিয়াত: ৪৯, ৫০)

এ আয়াতগুলো থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা দুনিয়ার সব প্রাণীই আল্লাহর নির্ধারিত নিয়ম ও প্রজ্ঞায় সৃষ্টি হয়েছে। তাই প্রমাণহীন ও দুর্বল বর্ণনার ওপর নির্ভর করে প্রাণীর উৎপত্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করা বা বলা থেকে বিরত থাকা উচিত।

Share this news as a Photo Card


আরো নিউজ

হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু?

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু?

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com