ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় পাঁচদিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে দাবি করেছে পুলিশ।
এ অবস্থায় নতুন করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য ও একটি মোবাইল ফোন নম্বর যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ২৩ নভেম্বর আদালতের আদেশে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয় সুইডেন আসলামকে। রিমান্ড শেষে শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে জানান, শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে কয়েকজনের সঙ্গে নঈম আহমেদ টিটনের বিরোধ চলছিল। এ বিরোধের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশের দাবি, ওই বিরোধের সঙ্গে সুইডেন আসলামের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার সঙ্গে অপরাধজগতের আরও কয়েকজনের যোগাযোগ এবং একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, টিটন হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ জন্য সুইডেন আসলামের কাছ থেকে আরও তথ্য প্রয়োজন বলে মনে করছেন তদন্ত কর্মকর্তা।
সুইডেন আসলামের বিরুদ্ধে অতীতের একাধিক হত্যা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলার প্রসঙ্গও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় মাহমুদুল হক খান গালিব হত্যার ঘটনায় ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির সূত্র ধরে তার সংশ্লিষ্টতার বিষয়টিও উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
তবে এসব অভিযোগের সঙ্গে টিটন হত্যা মামলার যোগসূত্র এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে এবার নতুন করে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।