• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন জলঢাকায় শ্মশানঘাট রক্ষা কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু, ফের হামলার হুমকি হুথিদের ২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থা তদন্তের দায়িত্ব পেলেন মুরাদ, ১৫ দিনে প্রতিবেদন এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার, বিপি ও কাতার থেকে কেনা হবে ৬ কার্গো প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর এআই ডাটা সেন্টার নির্মাণে ফিনল্যান্ডে ৪ লাখ গাছ কাটার অভিযোগ, বন্ধ কাজ

মানসিক অসুস্থতায় নিঃসঙ্গ জীবন অভিনেতা সমু চৌধুরীর, চিকিৎসা-পুনর্বাসনের উদ্যোগ

বিনোদন ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা অভিনেতা সমু চৌধুরীর এখন ভিন্ন জীবন। মানসিক অসুস্থতাজনিত কারণে সেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’র জীবন পেছনে ফেলে বোহেমিয়ান-নিঃসঙ্গ জীবন তার। মাঝেমধ্যেই তার ভবঘুরে-উদভ্রান্ত জীবনের দু’একটি রিল ভেসে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই রিল শুধুই বেদনার।আর এই রিল বানাতে গিয়ে অসুস্থ মানুষটিকে আরও অসুস্থ করে তুলছেন ইউটিউবাররা। তবে তাকে চিকিৎসা-পুনর্বাসনের মাধ্যমে একটু স্বস্তির জীবন ফিরিয়ে দেওয়ার উদ্যোগের কথা জানালেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।আশির দশকে যশোরে উদীচীর মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পা রাখা সমু চৌধুরী তিন দশকের বেশি সময় ধরে অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন জয় করেছেন।

 

মঞ্চ থেকে শুরু করে বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্লাটফর্মে দাপটের সঙ্গে অভিনয় সত্তাকে প্রকাশ করে গেছেন এই গুণী শিল্পী। পাঁচ শতাধিক নাটক ও ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই অভিনয়ের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিজীবনেও রয়েছে নানা চড়াই-উতরাই, প্রিয়জন হারানোর বেদনা ও দায়িত্বের গল্প।সমু চৌধুরীর জন্ম যশোরে, ১৯৬৪ সালের ৮ জুন। ছাত্রজীবনে ৮০’র দশকে তিনি যশোর উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে প্রায় ১০ বছর পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীতে অংশ নেন। পরবর্তীতে তিনি ঢাকায় চলে যান। যুক্ত হন সেন্টার ফর এশিয়ান থিয়েটার-সিএটিতে। এছাড়াও ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার ও নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৯০ সালের ২২ মার্চ আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে তার অভিষেক হয়। প্রথম নাটকের জন্য তিনি সম্মানি পেয়েছিলেন ৭০০ টাকা।

 

এরপর ‘জন্মভূমি’, ‘বিবর্ণ প্রজাপতি’, ‘কালো জোছনা’, ‘রঙের মানুষ’, ‘নিশিকুটুম্ব’ ও ‘উঠোন’সহ অসংখ্য নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সমু চৌধুরীর। পরে ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘সুন্দরী বধূ’, ‘নদীর নাম মধুমতী’, ‘গলুই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।টেলিভিশনের পাশাপাশি ওটিটি মাধ্যমেও কাজ করেছেন এই অভিনেতা। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ (২০২৪) ও ‘নয়া নোট’ (২০২৫)-এর মতো কাজেও তাকে দেখা গেছে। তবে অভিনয়জীবনের এক পর্যায়ে প্রায় তিন বছর কাজ থেকে দূরে ছিলেন তিনি।

 

ঢাকার কাজ ছেড়ে যশোরে গ্রামের বাড়িতে চলে যান। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবার অভিনয়ে ফেরেন।তবে সমু চৌধুরীর জীবনের বাঁক বদল হয়েছে ১৯৯৩ সালে। ১৯৯৩ সালের ২৬ জুলাই এইচএসসি পরীক্ষার্থী ছোট বোন রোজিনা চৌধুরী রুবিকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পুলিশ কর্মকর্তা বাবা আবুল কাশেম চৌধুরী। যশোরের নাভারন থেকে ফেরার পথে ঝিকরগাছা এলাকায় এই দুর্ঘটনায় বাবা ও বোনকে হারান সমু। পরে ২০১৮ সালে ছোট ভাই সনু চৌধুরীকেও হারান তিনি।বাবা ও ছোট বোনের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এক সাক্ষাৎকারে সমু চৌধুরী জানিয়েছিলেন, মায়ের দেখাশোনার কথা বিবেচনা করেই তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। ব্যক্তিজীবনে অবিবাহিত এই অভিনেতার জীবনে মায়ের প্রতি দায়িত্ববোধ তাই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।নাট্যাঙ্গনে সমু চৌধুরীর অগ্রজ যশোরের প্রবীণ নাট্যব্যক্তিত্ব আব্দুল আফফান ভিক্টর বলেন, আশির দশকে উদীচী যশোরে যুক্ত হওয়ার পর নব্বইয়ের দশকে তিনি ঢাকায় চলে যান।

 

অভিনয়প্রতিভা দিয়ে তিনি দর্শকের মন জয় করেছেন। সড়ক দুর্ঘটনায় বাবা-বোন এবং পরবর্তীতে ভাইকে হারিয়ে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন।অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা অভিনেতা সমু চৌধুরীর বোহেমিয়ান জীবনের কিছু ছবি-ভিডিও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ছে। ২০২৫ সালের জুনে প্রথম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পরা অবস্থায় সমু চৌধুরীর একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি জানান, ওরস উপলক্ষে সেখানে গিয়েছিলেন। কাপড় শুকানোর সময় গামছা পরে গাছের নিচে বিশ্রাম নেওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। পরে স্বজন ও অভিনয়শিল্পী সংঘের সদস্যরা সেখানে যান। পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর তিনি যশোরে মায়ের কাছে ফিরে যান।

 

এরপর এ বছর গত ১৩ অক্টোবর যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। সর্বশেষ লালন শাহের মাজারে তার কিছু ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় এই অভিনেতার শারীরিক-মানসিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। অভিনেতা সমু চৌধুরীর এই পরিস্থিতি নাড়া দিয়েছে অনেকের মাঝেই। এজন্য তার চিকিৎসা-পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে তাকে একটু স্বস্তির জীবন ফিরিয়ে দেওয়া যায়।সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, জনপ্রিয় নাট্যাভিনেতা সমু চৌধুরীর বর্তমান শারীরিক ও মানসিক অবস্থায় তারা ব্যথিত।

 

তবে তার মানসিক অবস্থাকে আরও জটিল করে তুলছে ইউটিউবাররা। তিনি যেখানে যাচ্ছেন, ইউটিউবাররা রিল তৈরির জন্য তাকে ঘিরে ধরে উত্ত্যক্ত, উত্তেজিত করছে। তিনি ইউটিউবারদের সমু চৌধুরীকে বিরক্ত না করার জন্য অনুরোধ জানিয়েছেন।একইসঙ্গে তিনি জানিয়েছেন, বৃদ্ধা মা ছাড়া সমু চৌধুরীর পরিবারে আর কেউ নেই। তাই তার পরিবারের অন্য স্বজন, স্থানীয় সুহৃদ, তার সংগঠন উদীচীকে সঙ্গে নিয়ে চিকিৎসা-পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান, সমু চৌধুরীর শারীরিক মানসিক অবস্থা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত-ব্যথিত। এজন্য তাকে চিকিৎসা-পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব দ্রুতই আলোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতাও চেয়েছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

মানসিক অসুস্থতায় নিঃসঙ্গ জীবন অভিনেতা সমু চৌধুরীর, চিকিৎসা-পুনর্বাসনের উদ্যোগ

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মানসিক অসুস্থতায় নিঃসঙ্গ জীবন অভিনেতা সমু চৌধুরীর, চিকিৎসা-পুনর্বাসনের উদ্যোগ

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com