একসময় স্ট্রোককে মূলত বয়স্কদের অসুখ বলেই মনে করা হতো। কিন্তু সেই ধারণা এখন বদলাচ্ছে। কর্মব্যস্ত তরুণ, মধ্যবয়সী-কেউই পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। হঠাৎ শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা চোখে ঝাপসা দেখা-এমন লক্ষণকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ কয়েক মিনিটের অবহেলাও কেড়ে নিতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ।
বিশ্বজুড়ে কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোকের ঘটনা। আরও উদ্বেগের বিষয় নতুন এক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে স্ট্রোকের ২৪ থেকে ৭২ ঘণ্টা পরেও মস্তিষ্কের জমাট রক্ত অপসারণ করে উপকার পাওয়া সম্ভব। তবে এর অর্থ চিকিৎসা নিতে দেরি করা নয়। বরং স্ট্রোকের লক্ষণ চেনা এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোই সবচেয়ে জরুরি।
ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন অনুযায়ী, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্তদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে এই বয়সি মানুষের মধ্যে নতুন স্ট্রোকের ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাব স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন ও দীর্ঘদিনের শারীরিক সমস্যাও কমবয়সীদের ঝুঁকিতে ফেলতে পারে।
স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শরীরের এক পাশ হঠাৎ দুর্বল বা অবশ হয়ে যাওয়া, মুখের এক পাশ ঝুলে পড়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা কথা বুঝতে অসুবিধা হওয়া-এসব গুরুত্বপূর্ণ সতর্কসংকেত।
এছাড়া হঠাৎ দৃষ্টিশক্তিতে সমস্যা, হাঁটতে অসুবিধা, শরীরের ভারসাম্য হারানো কিংবা অকারণে তীব্র মাথাব্যথাও স্ট্রোকের লক্ষণ হতে পারে।
এসবের কোনো একটি দেখা গেলেও অপেক্ষা করা উচিত নয়। নিজে থেকে ওষুধ খাওয়া বা লক্ষণ কমার অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নিতে হবে। কখন লক্ষণ শুরু হয়েছে, সেই সময়টি মনে রাখা জরুরি। সম্ভব হলে অ্যাম্বুল্যান্সের সাহায্যে স্ট্রোক চিকিৎসার সুবিধা রয়েছে এমন হাসপাতালে পৌঁছাতে হবে।
স্ট্রোকের চিকিৎসায় প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে মস্তিষ্কের কোনো ধমনীতে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে মস্তিষ্কের কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না। দ্রুত রক্তপ্রবাহ ফিরিয়ে আনা না গেলে কোষের স্থায়ী ক্ষতি হতে পারে। নির্বাচিত রোগীর ক্ষেত্রে উপসর্গ শুরুর সাড়ে চার ঘণ্টার মধ্যে রক্ত জমাট গলানোর ওষুধ দেওয়া যেতে পারে। কিছু রোগীর জন্য মেকানিক্যাল থ্রম্বেকটমি বা জমাট রক্ত অপসারণের পদ্ধতিও ব্যবহার করা হয়।
স্ট্রোকের চিকিৎসা নিয়ে নতুন আশার কথা জানিয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত একটি গবেষণা। ২০২৬ সালের ২৩ অক্টোবর অনলাইনে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে স্ট্রোকের লক্ষণ শুরুর ২৪ থেকে ৭২ ঘণ্টা পরেও মস্তিষ্ক থেকে জমাট রক্ত অপসারণ করলে উপকার পাওয়া সম্ভব।
চীনের কয়েকটি বিশেষায়িত স্ট্রোক কেন্দ্রে পরিচালিত এই গবেষণায় অংশ নেন ৩৩৬ জন রোগী। তাদের মধ্যে ১৬৮ জনকে প্রচলিত চিকিৎসার পাশাপাশি জমাট রক্ত অপসারণের চিকিৎসা দেওয়া হয়। বাকি ১৬৮ জন পান প্রচলিত চিকিৎসা। গবেষণায় রোগীদের চিকিৎসা শুরুর সময়ের গড় ব্যবধান ছিল ৩৮.৫ ঘণ্টা।
৯০ দিন পর দেখা যায়, যাদের জমাট রক্ত অপসারণ করা হয়েছিল, তাদের দৈনন্দিন কাজকর্ম করার সক্ষমতা ও সুস্থ হয়ে ওঠার ফলাফল তুলনামূলকভাবে ভালো। অর্থাৎ, স্ট্রোকের অনেকটা সময় পেরিয়ে গেলেও নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসার সুযোগ থাকতে পারে।
এই চিকিৎসাপদ্ধতির নাম মেকানিক্যাল থ্রম্বেকটমি। এতে চিকিৎসকেরা সাধারণত কবজি বা কুঁচকির রক্তনালি দিয়ে সরু একটি নল প্রবেশ করান। বিশেষ যন্ত্রের সাহায্যে সেটি মস্তিষ্কের বন্ধ হয়ে যাওয়া ধমনী পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এরপর জমাট রক্ত বের করে রক্তপ্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
তবে এই চিকিৎসা সবার জন্য নয়। উন্নত ব্রেন ইমেজিং বা স্ক্যানের মাধ্যমে চিকিৎসকেরা বোঝার চেষ্টা করেন, মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন অংশ এখনও বাঁচানো সম্ভব। সেই অনুযায়ী রোগীকে নির্বাচন করা হয়।
গবেষণায় আশার পাশাপাশি সতর্কবার্তাও রয়েছে। যাদের মেকানিক্যাল থ্রম্বেকটমি করা হয়েছিল, তাদের মধ্যে মস্তিষ্কে উপসর্গযুক্ত রক্তক্ষরণ ও মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে বেশি ছিল। চিকিৎসা নেওয়া দলের ৪.৮ শতাংশ রোগীর মস্তিষ্কে উপসর্গযুক্ত রক্তক্ষরণ হয়। এই হার প্রচলিত চিকিৎসা পাওয়া দলে ছিল না। অন্যদিকে, চিকিৎসা নেওয়া দলে মৃত্যুর হার ছিল ৬ শতাংশ, তুলনামূলক দলে যা ছিল ১.৮ শতাংশ।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত শরীরচর্চা করা, পর্যাপ্ত ঘুমানো এবং ধূমপান থেকে দূরে থাকা জরুরি। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং মানসিক চাপ সামলানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
স্ট্রোকের লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও নষ্ট করা যাবে না। নতুন গবেষণায় দেরিতে চিকিৎসা পাওয়া নির্দিষ্ট কিছু রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনার কথা উঠে এলেও তা কখনোই হাসপাতালে যেতে দেরি করার অজুহাত হতে পারে না। মনে রাখবেন, স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা জীবন বাঁচাতে এবং স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকি কমাতে বড় ভূমিকা রাখে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মায়ো ক্লিনিক